কেনিয়ার যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, বাসটিতে ৫২ জন যাত্রী ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি পুলিশ সূত্রে জানিয়েছে, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় রেডক্রস জানিয়েছে, বাসটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার সকালে রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় কিসুমু যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটির ছাদ খুলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আল জাজিরা জানিয়েছে, একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায়।
সড়ক দুর্ঘটনার জন্য কেনিয়ার কুখ্যাতি আছে। নিরাপদ সড়ক বিবেচনায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কেনিয়া অন্যতম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । গত ডিসেম্বরে নাইরোবিমুখি একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছিল।