ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়ায় তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে নানগারহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে তালেবানদের ওপর কয়েকটি হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, খোগিয়ানি জেলায় শুক্রবার রাতে বিশেষ বাহিনী তালেবানদের কয়েকটি শক্তিশালী ঘাঁটিতে অভিযান চালায়। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় দ্রুত হামলায় জড়িত থাকা জঙ্গিরা এসব ঘাঁটিতে অবস্থান করছিল।
খোগিয়ানি বলেন, এসব অভিযানে ৩০ তালেবান সদস্য নিহত হয়েছে। ৫টি গোপন আস্তানা ধ্বংস করার পাশাপাশি বড় ধরনের অস্ত্র ও গোলা বারুদের মজুত জব্দ করা হয়েছে। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন তিনি।
এই অভিযানের কথা স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেছেন, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য ও তিনজন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। মুজাহিদ দাবি করেছেন, ওই এলাকায় থাকা জঙ্গিগোষ্ঠী আইএস সদস্যদের মোকাবিলা করার জন্যই তারা সেখানে অবস্থান নিয়েছিল।