পাঞ্জাবের অমৃতসরের রাজসাঁসী গ্রামের নিরানকারী ভবনে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণ ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নিরানকারী ভবনের কাছে কিছু বিস্ফোরক ফেলে যায়। সেই সময় সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর তার পরই ঘটে বিস্ফোরণ।
প্রতি রবিবার হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। এদিনও এসেছিলেন। গ্রেনেড হানার সময়ও প্রায় ৫০০ জন ভেতরেই ছিলেন। ঘটনার পর সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এটা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজের সাহায্যে হামলাকারীদের অনুসন্ধান শুরু হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রাদেশিক কংগ্রেস সভাপতি সুনীল ঝাকর। তিনি বলেন, স্বজনহারাদের সমবেদনা জানাই। আমরা তাদের পাশে আছি।
সুনীল ঝাকর বলেন, পাঞ্জাবে নতুন করে অশান্তি তৈরি করতেই হামলা চালানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এ ধরনের হামলা কাপুরুষতার পরিচায়ক। সূত্র: এনডিটিভি।