প্রচণ্ডরকমের ধূলিঝড়ের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। ধূলায় ছেয়ে গেছে নিউ সাউথ ওয়েলসের অনেক এলাকা। কমে গেছে দৃশ্যমানতা। ধূলার কারণে কমলা রঙ ধারণ করেছে আকাশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ ধূলিঝড় সিডনি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। শহরটির বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিজনিত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়ে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুষ্ক মাটি মিশে এ ধূলিঝড় তৈরি হয়েছে। নিউ সাউথ ওয়েলসে গত আগস্ট থেকে চলা খরার কারণে সমস্যা আরও গুরুতর আকার ধারণ করেছে। সিডনির ১১০০ কিলোমিটার পশ্চিমের শহর ব্রোকেন হিলের এক বাসিন্দা জানান, বুধবার (২১ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে বাতাসে ধূলার উপস্থিতি ছিল। ম্যাট হোয়াইটলুম নামের ওই ব্যক্তি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘বাইরে গেলেই চোখে ধূলা লাগছিলো। কেমন যেন বালুময় পরিবেশ বোধ হচ্ছিলো। এতো প্রচণ্ডরকমের বাতাস ছিল যে গাড়ির দরজা খুললে তা ধরে রাখতে হচ্ছিলো নাহলে খোলামাত্রই পেছন থেকে বাতাসের চাপে তা বন্ধ হয়ে যাচ্ছিলো।’
আবহাওবিদরা বলছেন, সিডনিতে কতটা শক্তিশালীভাবে ধূলিঝড় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা স্থানীয়দেরকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদেরকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।