ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হুসেইন খানজাদি বলেছেন, ‘স্থানীয়ভাবে তৈরি’ নতুন একটি অস্ত্র বিধ্বংসী সাবমেরিন উন্মোচন করবে তার দেশ। আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় পানিসীমায় নতুন সাবমেরিনটি উদ্বোধন করা হবে। ইরানের বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে।
ইরানের শত্রুদের সতর্ক করে দিয়ে খানজাদি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখন অস্ত্রসহ সব সামরিক সরঞ্জাম নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী এখন ভারত মহাসাগর, এডেন উপসাগর, বাবেল মান্দেব প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জিব্রাল্টার প্রণালীতে তৎপর রয়েছে এবং সেখানে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করছে।
নতুন করে উন্মোচনের অপেক্ষায় থাকা উচ্চ-প্রযুক্তির সাবমেরিনটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকাশ করেন খানজাদি। তার দাবি, এ সাবমেরিনটিতে বিদ্যমান অত্যাধুনিক প্রযুক্তি দেখে শত্রুরা হতবাক হয়ে যাবে।