চলন্ত বিমানে ঘুমিয়ে পড়লেন পাইলট

 

যাত্রীবাহী বিমানের ককপিটে একা থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লেন পাইলট। ঘুমন্ত অবস্থায় নির্ধারিত গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার পার হয়ে যায় তার বিমান। পরে সেখান থেকে ফিরে এসে নির্ধারিত গন্তব্যে অবতরণ করে বিমানটি। গত ৮ নভেম্বর অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ডেভোনপোর্ট থেকে একটি বিমান কিং আইল্যান্ডে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে তারপরও নিরাপদেই অবতরণ করতে পেরেছে বিমানটি।

2018_11$largeimg27_Tuesday_2018_120758603

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো-এটিএসবি এই ঘটনাটি তদন্ত করছে। তবে ওই পাইলট কিভাবে ঘুম থেকে জাগতে পেরেছেন সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি। ওই দিন ভোরটেক্স এয়ার পরিচালিত পিপার পিএ-৩১ মডেলের বিমানটি সকাল সোয়া ৭টায় যাত্রা শুরু করে। এটিএসবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘ওই যাত্রার সময় পাইলট ঘুমিয়ে পড়েন আর বিমানটি কিং আইল্যান্ড অতিক্রম করে আরও ৪৬ কিলোমিটার দূরে চলে যায়।’

বিমান পরিবহন বিশেষজ্ঞ নেইল হ্যানসফোর্ড বলেন, পাইলটের অবসন্নতা বিষয়ে অস্ট্রেলিয়ায় কঠোর আইন রয়েছে। তিনি এবিসি নিউজ’কে বলেন, ‘বিশ্বে এমন কোনও সুযোগ নেই যেখানে অবসন্ন কেউ বিমান চালাতে পারে’।

বিমানটি পরিচালনাকারী প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা গ্রুপ, কর্পোরেট ও অবসর পর্যটকদের জন্য ফ্লাইট পরিচালনা করে থাকেন। এটিএসবি বলেছে, এ ঘটনায় আগামী বছর প্রতিবেদন দেওয়ার আগে তারা ওই পাইলটকে জিজ্ঞাসাবাদ করবে আর বিমান পরিচালনা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে।

গত বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কিং আইল্যান্ডে যাওয়ার জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৫ জন নিহত হয়েছিল।