শ্রীলঙ্কায় ৩০ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদের শপথ

শ্রীলঙ্কায় ৩০ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিরিসেনা মন্ত্রীদের নাম ঘোষণা করেন। শ্রীলঙ্কায় দীর্ঘ রাজনৈতিক সংকট কাটিয়ে রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহালের কয়েকদিনের মাথায় নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ও প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা
গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়। এরপর পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেও ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ না করার অজুহাতে সেই ফলাফল মানতে অস্বীকার করেন সিরিসেনা। এমন অচলাবস্থায় পরবর্তী বছরের বাজেট পাসও আটকে যায়। তুমুল বিক্ষোভ ও চাপের মুখে গত ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন রাজাপাকসে। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়।  

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও ২৯ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট সিরিসেনা। মঙ্গলা সামারাউইরাকে অর্থমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা। তবে ১৩ ডিসেম্বর দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ওই ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেওয়ায় শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন ২০২০ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এছাড়া এই রায়ের কারণে দেশটি কার্যত সরকারহীন হয়ে পড়ে। পার্লামেন্টের অনুপস্থিতিতে ২০১৯ সালের বাজেট অনুমোদন না হওয়ায় বাজেটহীনতার দিকেই এগুচ্ছে শ্রীলঙ্কা। আগামী বছরের জানুয়ারির শুরুতে ১০০ কোটি ডলারের একটি বৈদেশিক ঋণ পরিশোধের কথা রয়েছে দেশটির। সরকারি ব্যয়জনিত অচলাবস্থা ঠেকাতে আগামী ১ জানুয়ারি থেকে একটি অস্থায়ী বাজেট পাসের কথা ভাবা হচ্ছে।