ইতালির সিসিলিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) ইউরোপের সবচেয়ে সক্রিয় ‘মাউন্ট এটনা’ আগ্নেয়গিরি সংলগ্ন এলাকায় এ কম্পন অনুভুত হয়। এতে আহত হয় অন্তত দুইজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।
সোমবার (২৪ ডিসেম্বর) থেকে মাউন্ট এটনা আগ্নেয়গিরিটি নতুন করে সক্রিয় হয়ে ওঠে। শুরু হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়েছে পার্শ্ববর্তী গ্রামগুলো। কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় অনুভূত হয়েছে বেশ কিছু কম্পন। সর্বশেষ ইতালির স্থানীয় সময় বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৩টা ১৯ মিনিটের দিকে ভায়াগ্রান্দে এলাকার কাছে ভূমিকম্প অনুভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন।
ইতালীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ভূমিকম্পের সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে, অনেকে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। কাতানিয়া এলাকায়ও ভবন কেঁপে ওঠার খবর পাওয়া গেছে।