মাহাথিরের ইঙ্গিতের পরই মালয়েশিয়ার রাজার পদত্যাগ

টানা ২১ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকার সময়ে তার অন্যতম বিরোধী ছিলেন উত্তরপূর্বাঞ্চলীয় কেলানতান প্রদেশের শাসক সুলতান মোহাম্মদ পঞ্চম। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন উদ্বেগ বাড়াচ্ছিল মাহাথিরের আট মাস বয়সী ক্ষমতাসীন নতুন জোটের স্থিতিশীলতায়। দেশটির অনলাইন মন্তব্যকারীদের অনেকের এই আশঙ্কার মধ্যে চলতি সপ্তাহে লেখা এক ব্লগ পোস্টে ৯৩ বছর বয়সী মাহাথির নিজেও রাজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তার আগেই রবিবার রাজপ্রাসাদের বিবৃতিতে সুলতান মোহাম্মদের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।পদত্যাগ করা মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদ
ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টারি সিস্টেম ধারার সরকারব্যবস্থায় পরিচালিত মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। ১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশের কবলমুক্ত হওয়ার পর দেশটির রাজ্যগুলোর অস্তিত্ব বিলোপ করে ৯ মালয় রাজ্যের রাজার সমন্বয়ে গঠন করা হয় ‘কাউন্সিল অব কিংস’। এই কাউন্সিলের সদস্যরাই নিজেদের ভোটে পর্যায়ক্রমে এক একজনকে রাজা নির্বাচিত করেন। ২০১৬ সালের ডিসেম্বরে পাঁচ বছরের মেয়াদের জন্য উত্তরপূর্বাঞ্চলীয় মালয় রাজ্য কেলানতানের শাসক সুলতান মোহাম্মদ পঞ্চম দেশটির ১৫তম রাজা নির্বাচিত হন। চিকিৎসা ছুটি নিয়ে রাশিয়ায় গিয়ে ৪৯ বছর বয়সী এই রাজা বিয়ে করেছেন বলে গুঞ্জন শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে গত বছরের ২ নভেম্বর থেকে চিকিৎসা ছুটি নেওয়া সুলতান মোহাম্মদ পঞ্চমের চলতি বছরের ১ জানুয়ারি নিজ দায়িত্বে ফিরে আসার কথা। একই সময়ে ভারপ্রাপ্ত রাজা হিসেবে দায়িত্ব পালন করতে থাকা পেরাক প্রদেশের রাজা নাজরিন শাহের পদত্যাগের কথা ছিল। দুই মাসের অনুপস্থিতির মধ্যে সাবেক ‘মিস মস্কো’ ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে সুলতান মোহাম্মদ পঞ্চমের বিয়ের গুঞ্জন শুরু হয়। নিজের বিয়ে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সুলতান। নীরব থাকে রাজপ্রাসাদও। ‘কাউন্সিল অব কিংস’ এর তরফ থেকেও এই বিষয়ে নীরবতা বজায় রাখা হয়।সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে মালয়েশিয়ার রাজার বিয়ের ছবি

শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে রাজার খবর জানতে চাইলে প্রধানমন্ত্রী মাহাথির আনুষ্ঠানিকভাবে কিছু না জানার কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের মতোই আমিও গুঞ্জন শুনেছি...আমি কোনও চিঠি বা কোনও কিছু সম্পর্কে আনুষ্ঠানিক ইঙ্গিত পাইনি। সেকারণে আমি গুঞ্জন সম্পর্কে কিছুই বলতে পারছি না’। প্রশ্ন করা হলে তিনি বলেন, যতদূর আমি জানি তাতে তিনি নিজের দায়িত্বে ফিরে আসবেন। মোহাম্মদ পঞ্চমের প্রাদেশিক আসন থেকে নির্বাচিত কেলানতানের উপমুখ্যমন্ত্রী মোহাম্মদ নিক আবদুল্লাহও তার প্রশাসনের কিছুই না জানার কথা বলেন।

জনশ্রুতি অনুযায়ী অনেকেই ৪৯ বছর বয়সী রাজা সুলতানের লাইফস্টাইল মালয়েশিয়ার রাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রশ্ন তুলতে থাকেন। তবে এসব প্রশ্ন উত্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেলানতানের উপমুখ্যমন্ত্রী মোহাম্মদ নিক আবদুল্লাহ। তিনি বলেন, যারা গুঞ্জন ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ায় রাজতন্ত্র অবমাননা আইন না থাকলেও সমালোচকদের বিরুদ্ধে পূর্বে উপনিবেশিক আমলের রাজদ্রোহ আইন ব্যবহারের নজির রয়েছে। তবে এক্ষেত্রে ওই আইন ব্যবহার না করে মানুষের বাক স্বাধীনতা বলে বিবেচনা করা হবে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার লেখা এক ব্লগ পোস্টে এই ইঙ্গিত দেওয়া হয়।দীর্ঘ বিরতির পর আট মাস আগে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির

১৯৮১-২০০৩ পর্যন্ত টানা ২১ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। ওই সময়ে মাহাথিরের অন্যতম বিরোধীতাকারী ছিলেন সুলতান মোহাম্মদ। ১৯৮১-২০০৩ সময়কালে মালয়েশিয়ার প্রাদেশিক শাসকদের ক্ষমতা খর্ব করেন মাহাথির। ১৯৮৩ সালে নতুন প্রনয়ন করা আইনে ‘কাউন্সিল অব কিংস’এর ভেটো দেওয়া ও অনুমতি প্রত্যাহারের ক্ষমতা বাতিলের উদ্যোগ নেন মাহাথির। ওই সময়েই ওই কাউন্সিলের রাজাদের সঙ্গে প্রথম তিনি বড় ধরনের মতবিরোধে জড়ান। এক দশক পর তাদের ক্ষমতা আরও খর্ব করেন মাহাথির। সে সময়ে বাতিল করা হয় ভ্রমণের সময়ে অনৈতিক আচরণের অভিযোগ থেকে রাজাদের দায়মুক্তির আইন।

‘আইনের শাসন’ শিরোনামে লেখা ২ জানুয়ারি লেখা এক ব্লগ পোস্টে মাহাথির আবারও জোর দিয়ে বলেন রাজারা আইনের উর্ধ্বে নন। তিনি লেখেন, ‘রাজা থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী পর্যন্ত, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার জন্যই আইন সমান। আইনে এমন কোনও বিধান নেই যে কেউ আইনের শাসনের বাইরে থাকেব। রাজাদের জন্য একটি বিশেষ আদালত রয়েছে কিন্তু সেই আদালতেও সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য আইন মোতাবেক বিচার হয়। রাজাদেরও অবশ্যই আইন মানতে হবে। আইনের আইনের ভয়ানক লঙ্ঘন ঘটিয়ে পার পেয়ে যাওয়া যাবে এই ভুল বিশ্বাসে কাউকে অন্যায় করতে দেখা খুবই বিরক্তিকর’। মাহাথির বলেন, জনগন যাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ করছে সেগুলো বৈধ এবং তারা কোনও আইন লঙ্ঘন করছে না। তারা কোনওভাবেই রাজদ্রোহী বিবেচিত হবেন না। এটা তাদের বাক স্বাধীনতা বলেই বিবেচিত হবে। নাগরিকেরা এসব বিষয়ে প্রতিবেদন তৈরি বা প্রকাশ্যে তাদের নিয়ে কথা বলতে পারে।

মাহাথিরের পোস্টের পর শুক্রবার স্থানীয় ইংরেজি দৈনিক দ্য নিউ স্ট্রেইট টাইমস জানায় বুধবার রাতে বিরল ও অনির্ধারিত একটি বৈঠক করেছে কিংস অব কাউন্সিল।ওই বৈঠকে রাজতন্ত্র বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে পত্রিকাটি জানালেও তা সুলতান মোহাম্মদ সংশ্লিষ্ট কিনা তা জানানো হয়নি। এরপর রবিবারেই মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।