পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন, ভারত হামলা করলে ইসলামাবাদ তা প্রতিহত করবে। পুলওয়ামা হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতেই পাল্টা যুদ্ধের হুমকি দিলেন ইমরান। তিনি অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই ভারতের শাসক দল এই হামলা নিয়ে পাকিস্তানের দিকে অভিযোগের তীর ছুঁড়ছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।
ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে সামরিক হামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। প্রতিক্রিয়ায় এক ভিডিওবার্তায় ইমরান খান বলেন, ‘যদি এই হুমকি সত্যি হয়ে থাকে তবে লিখে রাখুন, পাকিস্তান বসে থাকবে না, প্রতিহত করা হবে।’ তিনি বলেন, তেমনটা ঘটলে পাকিস্তানের সামনে আর কোনও পথ খোলা থাকবে না।
ইমরান বলেন, ‘এই যে পাকিস্তানের ওপর হামলা নিয়ে যত কথা হচ্ছে তা আসলে নির্বাচনকে সামনে রেখেই।’ যুদ্ধের হুমকি প্রসঙ্গে তার অভিমত, ‘একটি যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো কঠিন। আমি ভারতের উদ্দেশে বলতে চাই, তারা যদি অতীতেই পড়ে থাকতে চায় তবে আমাদের কোনও আগ্রহ নেই। এখান থেকে কেউ (ভারতে) গিয়ে জঙ্গি হয় না, কিংবা এখানে এসেও কেউ জঙ্গি তৎপরতা চালায় না।’