পাকিস্তানের হাতে পাইলট আটক হওয়ার স্বীকারোক্তি দিলো ভারত

অবশেষে পাকিস্তানের হাতে একজন পাইলট আটক হওয়ার কথা স্বীকার করেছে ভারত। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।

5c765d52445bc

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।

একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। ভিডিও প্রকাশের আগ পর্যন্ত ভারত তাদের একজন পাইলট নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনীর হাতে তার আটক হওয়ার তথ্য অস্বীকার করে আসছিল। তবে এ সংক্রান্ত ভিডিও প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে বিবৃতি দিয়ে ওই পাইলট আটক থাকার স্বীকারোক্তি দেওয়া হয়।