ভারত স্বীকার করেছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর থেকে প্রকাশিত ভিডিওচিত্রে উপস্থাপিত ব্যক্তি তাদের বিমান বাহিনীর সদস্য। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওতে আহত পাইলটের উপস্থাপনকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়েছে। পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে তারা সতর্ক করেছে, কোনভাবেই যেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ওই সদস্যের কোনও ক্ষতি না করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিকতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন আর জেনেভা কনভেনশন উপেক্ষা করে আহত সেনার কুরুচিপূর্ণ উপস্থাপন’র জোরালো নিন্দা জানাচ্ছে ভারত। পাকিস্তানকে [হাই কমিশনারকে ডেকে] তাদের হেফাজতে থাকা অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ওই সদস্যের যেন কোনও রকমের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।’ ভারতের পক্ষ থেকে তাদের আটক পাইলটকে দ্রুত মুক্তি দিয়ে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।