নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে ভারতীয় বিমান হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করলো বিএসএফ। বুধবার বিএসএফের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনও দুষ্কৃতিকারী যেন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সীমান্তে এই বাড়তি সতর্কতার কথা নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের আয়তন ২ হাজার ২১৬ দশমিক ৭০ কিলোমিটার। সীমান্তের অনেক স্থানেই কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে ভারত। তবে অনেক জায়গায় কোনও বেষ্টনী নেই।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকার সীমান্ত অঞ্চলেও কড়া প্রহরা বসানো হয়েছে।
বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম বিএসএফ-কে বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া সতর্কতা জারি করেছি আমরা। পশ্চিম প্রান্তের টেনশনের সুযোগ নিয়ে এখান দিয়ে যাতে কোনওভাবেই কোনও দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে কিংবা সন্ত্রাসবাদী প্রক্রিয়া চালানো না যায়, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখবে ভারত।’
এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনী প্রধানের এই বৈঠক এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।