উত্তেজনা নিরসনের সদিচ্ছা থেকে অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া হয়েছে : পাকিস্তান

দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের সদিচ্ছা থেকে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার রাতে পাইলটের মুক্তির খবর নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভারতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে পাইলট অভিনন্দন বর্তমান

কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে গত ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ইঙ্গিত দেন, শান্তি স্থাপনে ভূমিকা রাখলে অভিনন্দনকে ফিরিয়ে দিতে রাজি তারা। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুক্তির সিদ্ধান্ত জানান। অসমর্থিত সূত্রে বিজনেস টুডে সন্ধ্যে ছয়টায় তার লাহোরে পৌঁছার খবর নিশ্চিত করে। রাত ৯ টার দিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিনন্দনকে হস্তান্তরের খবর দেওয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারির ২৭ তারিখ পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে তার মিগ টোয়েন্টি ওয়ান বিমানটিকে ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী। গ্রেফতার করা হয় আজাদ জম্মু ও কাশ্মিরে বিধ্বস্ত বিমানটির সংশ্লিষ্ট বৈমানিককে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আটকাবস্থায় তার সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে এবং সম্মানজনক আচরণ করা হয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ভারতের হাতে তুলে দেওয়ার আদেশ দেন’।