থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় একটি ন্যাশনাল পার্কে কাদার গর্তে আটকে পড়া ছয়টি হাতির বাচ্চাকে উদ্ধার করেছে সেখানকার রেঞ্জাররা। নাখোন নামিদা প্রদেশের থাপ ল্যান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টা ধরে রেঞ্জাররা নালা খুড়ে রাস্তা তৈরি করে দিয়ে এসব হাতির বাচ্চাকে উদ্ধার করে।
পার্কটির প্রধান প্রয়াতসার্ট চান্তেপ বলেন প্রহরীরা বুধবার বিকেলে কাদার গর্তের মধ্যে এসব হাতির বাচ্চাকে খুঁজে পান। বাচ্চা আটকে পড়ার পর আশেপাশের এলাকায় একটি হাতির পালের অবস্থানের চিহ্নও দেখতে পায় তারা। তবে ওই বাচ্চাগুলো কীভাবে গর্তটিতে পড়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
পার্কের প্রহরীরা জানান, গর্তের পিচ্ছিল কিনারে উঠে আসতে পারছিল না হাতির বাচ্চাগুলো। পরে তারা নালা কেটে রাস্তা তৈরি করে দিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেছেন। এক প্রহরীর ধারণ করা ভিডিওতে একে একে হাতির বাচ্চাগুলোকে ওপরে উঠে আসতে দেখা গেছে।