আধা স্বয়ংক্রিয় অস্ত্রসম্বলিত ড্রোন তৈরি করেছে রাশিয়া। তারা দাবি করছে. এমন একটি ড্রোন তৈরি করেছে যা বিমানের মতো উড়ে বেড়ায়, হেলিকপ্টারের মতো ল্যান্ড করে এবং ১২ গজ দূর থেকে আধাস্বয়ংক্রিয় শটগানের মতো গুলি করতেও সক্ষম। রুশ বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মস্কো এভিয়েশ ইনস্টিটিউট এর তৈরি করা এই ড্রোনটি মূলত শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করার কাজে ব্যবহার করা হবে। এখনও এই ড্রোনের নাম দেওয়া হয়নি। বলা হচ্ছে, এর কারিগরি বেশ কিছু দিক অন্যান্য যেকোনও দেশের ড্রোন থেকে এগিয়ে থাকবে।
ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনটি আড়াআড়িভাবে পড়ে আছে। এরসঙ্গে ভেপর ১২ আধাস্বয়ংক্রিয় শটগান যুক্ত রয়েছে। এটি দেখতে একে-৪৭ রাইফেলের মতো। তবে এই বন্দুকটির কোনও স্টক বা পিস্তল গ্রিপ নেই।
ফক্সট্রট আলফার কাইল মিজোকামি বলেন, রাইফেল কিংবা পিস্তলের চেয়ে শটগান ব্যবহারের সিদ্ধান্ত উত্তম। শটগানের ছোট পেলেটগুলোই এর জন্য বেশি কার্যকর হবে।
এই বিষয়ে তিনি একটি নিবন্ধ লিখেন যার শিরোনাম ছিলো ‘রাশিয়ার শটগানবাহী ড্রোন একটি উড়ন্ত দুঃস্বপ্ন যার ব্যাপারে আপনি জানতেন না।’ সেখানে তিনি জানান, ড্রোনের সামনে পেছনে দুটি প্রপেলার লাগানো, পেছনের ডানাগুলোও বড়। সামনের অপেক্ষাকৃত ছোট ডানা লাগানো হয়েছে।
ইউটিউবের ভিডিওতে দেখা যায় একটি বেলুনকে টার্গেন করে গুলি চালাচ্ছে ড্রোনটি। এরপর একটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত হেলিকপ্টারকে লক্ষ্য করেও গুলি চালাতে দেখা যায়। এরপর ড্রোনটি ধীরে ধীরে নিচে নেমে আসে।