জাপানের স্কুলপড়ুয়া প্রিন্সের টেবিলের পাশে ছুরি!

জাপানের সম্রাট আকিহিতোর দৌহিত্র প্রিন্স হিসাহিতোর (১২) স্কুলে তার ক্লাসরুমের টেবিলের পাশে দুটি ছুরি পাওয়া গেছে। ইতোমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে টোকিও মহানগর পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার টোকিওর বুনকিও ওয়ার্ডে অবস্থিত ওচানোমিযু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমে শুক্রবার ছুরিগুলোর সন্ধান পাওয়া যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-জাপান।

noname

টোকিও মহানগর পুলিশ জানিয়েছে, স্কুলে স্থাপিত নজরদারি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে নীল রঙের পোশাক পরা এবং মাথায় হেলমেটধারী মাঝ বয়সী এক ব্যক্তিকে ভবনটিতে প্রবেশ করতে দেখা গেছে। ওই ব্যক্তি একজন নির্মাণকর্মী সেজে সেখানে প্রবেশ করেছিল। তবে ওই ব্যক্তির সঙ্গে ছুরিগুলোর কোনও সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

প্রিন্স আকিশিনো এবং প্রিন্সেস কিকো দম্পতির সন্তান প্রিন্স হিসাহিতো। ২০১৯ সালের এপ্রিলে প্রিন্স নিম্ন মাধ্যমিক স্কুলটিতে পড়াশোনা আরম্ভ করে। এমন এক সময়ে এ ঘটনা ঘটলো যখন জাপানের সিংহাসন ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন সম্রাট আকিহিতো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সম্রাটের বড় ছেলে নারুহিতো (৫৯)।