ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে। ২৯ এপ্রিল সোমবার সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দিচ্ছেন ভোটাররা। এ দফায় ৯ রাজ্যে ৭২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবারের নির্বাচনে ৯ রাজ্যের ৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯৫৭ জন প্রার্থী। এদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। তারা হচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিং, অভিনেত্রী মুনমুন সেন প্রমুখ।
আজ যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে গত লোকসভা নির্বাচনে ৫৬টিতেই জিতেছিল বিজেপি ও দলটির সহযোগীরা। কংগ্রেসের দখলে ছিল মাত্র দুইটি আসন। এর পাশাপাশি বিজেডি এবং তৃণমূল পেয়েছিল ৬টি করে আসন।
বিহারে পাঁচটি আসনের জন্য তিন নারীসহ ৬৬ জন প্রার্থী লড়ছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি কানাইয়া কুমারের বিপক্ষে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
ঝাড়খন্ডের তিনটি আসনে লড়ছেন ৫৯ জন প্রার্থী। তাদের মধ্যে আছেন দুজন নারী। এই রাজ্য থেকেই প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুদর্শন ভগত।
মধ্যপ্রদেশে ৬ আসনের জন্য লড়ছেন ১০৮ জন প্রার্থী। ১০ জন নারী রয়েছেন প্রার্থী তালিকায়। হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথসহ আরও কয়েকজন। গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করায় এবার এই রাজ্যে বেশি সংখ্যক আসন জিততে চায় কংগ্রেস।
মহারাষ্ট্রের ১৭ আসনে লড়াই করছেন ৮৬৩ জন প্রার্থী। এর মধ্যে নারী রয়েছেন ৭৫ জন। হেভিওয়েট প্রার্থী বলতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ মুরলী দেওরা, সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত, পার্থ পাওয়ার–সহ কয়েকজন। গতবার ১৪টি আসনই পেয়েছিল এনডিএ। এবার কী হয় সেটাই দেখার বিষয়।
উড়িষ্যার ২১ আসনে লড়ছেন ১৭৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৫ জন নারী। এখান থেকে রবীন্দ্র কুমার জেনা এবং বৈজয়ন্ত পান্ডার মতো প্রার্থীরা লড়াই করছেন।
রাজস্থানের ১৩টি আসনের জন্য লড়ছেন ১২১ জন প্রার্থী। তার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা সাত। কেন্দ্রীয় মন্ত্রী পিপি চৌধুরী, গজেন্দ্র সিংয়ের পাশাপাশি রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের পুত্র বৈভব গেহলত। ছেলের জন্য প্রবল পরিশ্রম করেছেন বাবা।
উত্তরপ্রদেশের ১৩টি আসনের জন্য লড়ছেন ১৪২ জন প্রার্থী। এদের মধ্যে নারী প্রার্থী ১৮ জন। লড়াইয়ে রয়েছেন অখিলেশ জায়া ডিম্পল যাদব, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদসহ আরও কয়েকজন।
পশ্চিমবঙ্গের আট আসনের জন্য লড়াই হচ্ছে ৬৮ জন প্রার্থীর মধ্যে। তালিকায় রয়েছেন ৯ নারী প্রার্থী। হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন অভিনেত্রী মুনমুন সেন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুরিন্দর সিংহ আহ্লুয়ালিয়া।