গত বছর দক্ষিণ এশিয়ায় প্রাণ হারিয়েছেন ২২ জন সংবাদকর্মী: আইএফজে

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক (এসএএমএসএন) ও তাদের সহযোগী সংগঠনগুলো দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদনের ১৭ তম সংস্করণ প্রকাশ করেছে। শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘ট্রুথ ভার্সাস মিস ইনফরমেশন: দ্য কালেক্টিভ পুশ ব্যাক’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয়। প্রতিবেদনে নানা চাপ সত্ত্বেও অগণিত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করা হয়েছে। আইএফজে’র সাংবাদিক নিরাপত্তা সূচক (জেএসআই) অনুযায়ী, গত বছর দক্ষিণ এশিয়ায় প্রাণ হারিয়েছেন ২২ জন সংবাদকর্মী।

ট্রুথ ভার্সাস মিসইনফরমেশন শীর্ষক প্রতিবেদনের প্রচ্ছদ
প্রচ্ছদে বিশ্বনন্দিত বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের ছবি রেখে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতার চলমান চ্যালেঞ্জগুলোকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগ্রাসী নীতি, ভুয়া খবর ও বিদ্বেষী বক্তব্যের ক্ষতিকর প্রভাব এবং নিয়ন্ত্রণের রাজনীতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার সংবাদকর্মীরা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো সত্য প্রকাশের ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা রয়েছে তাদের।

আইএফজে’র ভাষ্য: “অঞ্চলটিতে সাংবাদিকতা নিয়ে ১৭ তম এ বার্ষিক পর্যালোচনার শিরোনাম ‘ট্রুথ ভার্সাস মিস ইনফরমেশন: দ্য কালেক্টিভ পুশ ব্যাক’। গত বছর এ অঞ্চলের সাহসী ও সংকল্পবদ্ধ সংবাদকর্মীদের চ্যালেঞ্জ, সাফল্য, বিশেষ করে তাদের মধ্যকার সংহতি নিয়ে প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। ভুয়া খবরের উত্থানের বাজে প্রভাব ও মিডিয়ার চিরাচরিত অর্থনৈতিক মডেলের পতন সত্ত্বেও সাংবাদিক, মিডিয়া কর্মী ও তাদের সংঘগুলো বার বারই দেখিয়ে দিয়েছে অগণিত চ্যালেঞ্জ মোকাবিলায় তারা লড়াকু, সাহসী ও বদ্ধপরিকর।”

আইএফজে’র সাংবাদিক নিরাপত্তা সূচক (জেএসআই) অনুযায়ী, গত বছর দক্ষিণ এশিয়ায় ২২ সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন প্রাণ হারিয়েছে আফগানিস্তানে। ওই বছর সাংবাদিকদের ওপর ১৩০টি আক্রমণের ঘটনাও রেকর্ড করা হয়েছে। তবে এগুলোতে কোনও প্রাণহানি হয়নি। দ্বিতীয় বছরের মতো আইএফজে সাংবাদিক আটকের ঘটনা নথিভুক্ত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর দক্ষিণ এশিয়ায় ২৪ সাংবাদিক আটক হন। এরমধ্যে চার সাংবাদিক এখনও আটক আছেন। দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর ১০৬ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, এর মধ্যে ৯৬টি ঘটনাই ভারতের।