রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিজেপি নেতার মামলা খারিজ

রাহুল গান্ধিকে বিদেশি নাগরিক দাবি করে তার মনোনয়ন বাতিলে দায়ের করা বিজেপি নেতার এক মামলা খারিজ করে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। রাহুলকে যুক্তরাজ্যের নাগরিক দাবি করে ওই মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে সেই মামলার আবেদনই খারিজ করে দেওয়া হয়৷ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন-এর খবর থেকে এ তথ্য জানা গেছে।

রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়াইনাড লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল৷ নির্বাচন এগিয়ে আসতেই আচমকা রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে ডানপন্থী শিবির থেকে৷ সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত এক চিঠিতে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছিলেন, ২০০৩ সালে ব্রিটেনে নথিকৃত একটি সংস্থার ডিরেক্টরদের নামের মধ্যে রাহুল গান্ধীরও নাম রয়েছে৷

সুব্রহ্মণ্যম দাবি করেন, ওই সংস্থা ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যে বার্ষিক রিটার্ন জমা দিয়েছে, সেখানে রাহুল গান্ধীর নাম ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করা রয়েছে৷ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে,  এমন ধারার একটি কাগজ কখনও কোনও ব্যক্তির নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না৷ বৃহস্পতিবার রাহুলের নাগরিকত্ব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ‘রাহুল গান্ধি যে ভারতীয় নাগরিক নন, তিনি যে ব্রিটিশ নাগরিক ৷ সেই বিষয়টি কবে জানতে পারলেন আবেদনকারী ৷’ একইসঙ্গে আদালত আরও জানিয়েছে, একটি কাগজের উপর ভিত্তি করে কখনও কোনও এক ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে মন্তব্য করা উচিত নয়৷