ভারতের ঝাড়খন্ডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার ভোরে সিআরপিএফ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে এ আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ১১ জন। সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি আক্রান্ত হয়েছে ঝাড়খণ্ড পুলিশের সদস্যরাও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন চলাকালে মহারাষ্ট্রের গড়চিরোলিতে হামলা চালায় মাওবাদীরা। হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জওয়ান ও এক বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে ছত্রিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় নিহত হয় পাঁচ জন। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি-ও রয়েছেন। কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের এক সাংবাদিক ও দুই পুলিশ সদস্য।
চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।
নকশালপন্থী বলে পরিচিত মাওবাদী অস্ত্রধারীরা পুলিশের ওপর হামলা ছাড়াও সরকারি কার্যালয় ধ্বংস ও কর্মকর্তাদের অপহরণ করে থাকে। ২০১৮ সালে মাওবাদী আস্তানায় হামলা চালিয়ে উল্লেখযোগ্য সফলতার দাবি করে ভারত। গত জুলাইয়ে ছত্তিশগড়ে চার নারীসহ আট মাওবাদীকে হত্যার কথা জানায় ভারতের পুলিশ। এর আগে মে মাসে কর্তৃপক্ষ পশ্চিম ভারতে বেশ কয়েকটি অভিযানে ৪৪ মাওবাদীকে হত্যার দাবি করে।