ফিলিপাইনের জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের হাতে জিম্মি নেদারল্যান্ডসের এক ব্যক্তি পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে আবু সায়াফ জঙ্গিদের বন্দুকযুদ্ধের সময় পালানোর চেষ্টা করছিলেন এয়োলদ হর্ন (৫৯) নামের ওই ব্যক্তি। শুক্রবার জোলো দ্বীপে এই বন্দুকযুদ্ধে আইএসপন্থী আবু সায়াফ গ্রুপের ছয় জঙ্গিও নিহত হয়েছে।
নেদারল্যান্ডের নাগরিক এয়োলদ হর্ন ছিলেন ফটোগ্রাফার ও পাখি পরিদর্শক। ২০১২ সালের ফেব্রুয়ারিতে অপর এক ইউরোপীয় ফটোগ্রাফারের সাথে দক্ষিণ ফিলিপাইন তাদের অপহরণ করে আবু সায়াফ জঙ্গিরা। ২০১৪ সালে তাওয়াই তাওয়াই দ্বীপে আরেক বন্দুকযুদ্ধের সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তার সাথে জিম্মি হওয়া সুইজারল্যান্ডের নাগরিক লরেনজো ভিনসিগুয়েরা।
ফিলিপাইনের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডিভিনো রে পাবায়ো বলেন, জোলো দ্বীপে আবু সায়াফ জঙ্গিদের সাথে ৯০ মিনিটের বন্দুকযুদ্ধের মধ্যে পালাতে গিয়ে মারা যান এয়োলদ হর্ন। সেনা সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে।
নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হর্নের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রী স্টেফ ব্লক করেছেন, এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইবেন তারা।
১৯৯০ এর দশক থেকেই ফিলিপাইনে তৎপরতা চালাচ্ছে আবু সায়াফ গোষ্ঠী। দক্ষিণ ফিলিপাইনে তৎপর অন্যতম উগ্রগোষ্ঠী তারা।