কাশ্মিরের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত লড়বে কংগ্রেস: চিদাম্বরাম

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়ায় কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পি. চিদাম্বরাম। রাজ্য হিসেবে জম্মু-কাশ্মিরের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তার দল লড়াই অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রবিবার চেন্নাইয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, লড়াই কেবল শুরু হলো আর আমরা শেষ পর্যন্ত লড়বো।কংগ্রেস নেতা পি. চিদাম্বরাম

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। থমথমে পরিস্থিতির কারণে যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার সমালোচনা করে সাবেক অর্থমন্ত্রী পি. চিদাম্বরাম প্রশ্ন রাখেন, ‘কেবল ৩৭০ অনুচ্ছেদই বিশেষ অধিকার দিয়েছে? মহারাষ্ট্র ও গুজরাটের জন্য প্রযোজ্য ৩৭১ অনুচ্ছেদের কী হবে?’ নাগাল্যান্ড, আসাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, হায়দারাবাদ ও কর্নাটকের জন্য প্রযোজ্য বিশেষ ধারাগুলোর কথাও সামনে আনেন তিনি।

মনমোহন সিংয়ের মন্ত্রিসভার এই সদস্য বলেন, নাগাল্যান্ডের বিশেষ ধারা অনুযায়ী তাদের সম্মতি ছাড়া পার্লামেন্ট ধর্ম, সাংস্কৃতিক আচরণ সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে না। নাগাল্যান্ডের বিধানসভার সম্মতি ছাড়া ভারতীয় পার্লামেন্টে প্রণয়ন করা আইন তাদের জন্য প্রযোজ্য নয়, এমনকি তাদের সম্মতি ছাড়া সেখানে কেউ জমি ক্রয় বা বিক্রি করতে পারে না। সুতরাং বিশেষ মর্যাদা কী কেবল কাশ্মিরিদের জন্য প্রযোজ্য? তিনি প্রশ্ন তোলেন, ‘জম্মু-কাশ্মিরের জন্য আপনার এক নিয়ম আর নাগাল্যান্ড, মিজোরামের জন্য আলাদা নিয়ম? তারা (সরকার) এসব প্রশ্নের কোনও উত্তর দিচ্ছে না আর এমন ভাব করছে যেন এসব প্রশ্ন শুনতেই পাচ্ছে না’।

চিদাম্বরাম বলেন, যারা জম্মু ও কাশ্মিরের ইতিহাস জানে না, কীভাবে একটি স্বাধীন সরকার ভারতে যুক্ত হলো আর কোন পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোন নিশ্চয়তা সংবিধানের অধীনে দেওয়া হয়েছিল আর কীভাবে গত ৭২ বছর ধরে তা অনুসরণ করা হয়েছে, তারাই ভারতের সঙ্গে কাশ্মিরের অন্তর্ভুক্তিতে খুশি হচ্ছে।

তামিল নাড়ুর প্রবীণ কংগ্রেস নেতা চিদাম্বরাম বলেন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন পশতুন আক্রমণ থেকে শ্রীনগর রক্ষায় সেনা পাঠান তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের সম্মতি চেয়েছিলেন। ‘বিজেপি ইতিহাস জানে না। তাদের দাবি নেহরু আর প্যাটেল পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল, আসলে ঘটনা তা না’।

তামিল নাড়ুর ক্ষমতাসীন এআইএডিএমকে পার্টির সমালোচনা করে চিদাম্বরাম বলেন, ‘বিজেপি যদি এই রাজ্যকেও কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে চায় তাহলে দলটি তাও মেনে নেবে। তাদের যদি শ্রদ্ধা দেখাতে বলা হয় তাহলে তারা পায়ে লুটে পড়বে। তারা এটাও মেনে নেবে’। প্রসঙ্গত, কাশ্মির ইস্যুতে ভারতের ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন দিয়েছে এআইএডিএমকে পার্টি।