আলজেরিয়ার হাসপাতালে আগুন, ৮ শিশুর মৃত্যু

আলজেরিয়ার এল ওয়েদ শহরের একটি হাসপাতালে মঙ্গলবার অগ্নিকাণ্ডে আট শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এতে বিস্তারিত জানানো হয়নি।15
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, হাসপাতালের প্রসূতি শাখায় অগ্নিকাণ্ডের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে। মৃত শিশুরা সবাই নবজাতক।

জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতক, ৩৭ মা এবং হাসপাতালের ২৮ কর্মীকে উদ্ধার করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি তদন্ত শুরু হয়েছে। তবে আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এপি জানিয়েছে, মশক নিয়ন্ত্রণের একটি ডিভাইস থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের শিকার হাসপাতালটি আলজেরিয়ার তিউনিসিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত বলে জানা গেছে। আলজেরিয়ায় সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর কাজ নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে এমনিতেই ক্ষোভ রয়েছে। বিশেষ করে রাজধানী শহরের বাইরের এলাকাগুলোতে এ ক্ষোভ অনেক বেশি। সূত্র: রয়টার্স।