পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুইটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ২৫ সেনা সদস্য নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই জঙ্গি হামলার পর এখনও ৬০ এর অধিক সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এ সময় সেনাদের গুলিতে ১৫ জঙ্গি মারা যায়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বুরকিনা ফাসোর সীমান্তবর্তী বুলকেসি ও মন্ডোরো শহরের সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর সেনারা ১৫ জঙ্গিকে হত্যা করেছে এবং পরে এলাকাটি পুনর্দখল করে তারা। তবে এতে তাদের অনেক অস্ত্রসহ প্রচুর সরঞ্জাম হারিয়েছে। পরে ওই এলাকায় বুরকিনা ফাসো ও ফরাসি বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে নামে মালির সেনারা।
মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা। তবে চলতি বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। এই হামলার জন্য ‘আনসারুল ইসলামের সদস্যদের’ দোষারোপ করছে জি-ফাইভ সাহেল।
মালির উত্তর ও মধ্যাঞ্চলে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এর আগেও হামলার শিকার হয়েছেন। ২০১৩ সালে দেশটিতে উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ও তুয়ারেগ যোদ্ধাদের বিদ্রোহ ঠেকাতে শান্তিরক্ষী মোতায়েন করা হয়। ২০১৫ সালে ১৬ দেশের বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনের সময় মোট ১২০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।