বার্সেলোনায় উত্তাল বিক্ষোভের পর পুলিশ-স্বাধীনতাকামী সংঘর্ষ

নের বিশেষ অঞ্চল কাতালোনিয়ার পুলিশ সদর দফতরের বাইরে বিক্ষোভের পর স্বাধীনতাকামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবি ও স্বাধীনতাপন্থী নেতাদের কারাদণ্ড ঘোষণার পর বার্সেলোনার রাজপথে বিক্ষোভে নামে সাড়ে তিন লাখ মানুষ। বিক্ষোভ শেষে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

Capture

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গত ১৪ অক্টোবর (সোমবার) অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে  স্বাধীনপন্থীরা। এখন পর্যন্ত স্বাধীনতার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে কয়েকশ মানুষকে।

আয়োজকরা বলছেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষোভের শেষ মুহূর্তে সেখানকার একদল সশস্ত্র মানুষ সহিংস হয়ে ওঠে। তারা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে পেন্টবল (রঙিন প্লাস্টিকের বল) নিক্ষেপ করে ও তাদের গাড়িতে ভাঙচুর চালায়। পরে ন্যাশনাল পুলিশের সহায়তায় কাতালোনিয়ার পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও ফোম বুলেট (এক ধরনের নরম প্লাস্টিক, যা দাঙ্গা দমনে ব্যবহৃত হয়) নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর রাস্তায় আবর্জনার ক্যানগুলোতে আগুন ধরিয়ে দিয়ে তাদের পরিধি (এলাকা) বাড়ায় আন্দোলনকারীরা।

আঞ্চলিক জরুরি সেবা বিভাগ জানিয়েছে,  ওই সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ বিভাগ বলছে, তাদের আহত অফিসারদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, আঞ্চলিক সরকারের নেতা কুইম তোরার পূর্বসূরি চার্লস পুজদেমন ২০১৭ সালে স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করেন। স্পেনের শীর্ষ আদালতে নিষিদ্ধ ঘোষিত ওই গণভোট আয়োজনের পর থেকে ইউরোপীয় দেশগুলোসহ অন্যরা সেখানকার আন্দোলন পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে চার হাজারেরও বেশি কোম্পানি কাতালোনিয়ার বাইরে তাদের সদর দফতর সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে কাতালান ব্যাংক কাইক্সা ব্যাংক ও ব্যাংকো সাবাডেল। দেশটির ভারপ্রাপ্ত অর্থনীতিমন্ত্রী নাদিয়া কালভিনো বলেছেন, কাতালোনিয়া’র স্বাধীনতা দাবির প্রভাব না থাকলে দেশের অর্থনীতির গতি আরও দ্রুত হতে পারতো।