২২৬ কোটি টাকায় বিক্রি হলো রান্নাঘরে পাওয়া চিত্রকর্ম

ফ্রান্সে এক বৃদ্ধার রান্নাঘরে পাওয়া চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটি ইতালির বিখ্যাত শিল্পী সিমাবুয়ের আঁকা। রবিবার (২৭ অক্টোবর) এর দাম উঠেছে ২৪ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২৬ কোটি ১৩ লাখ টাকা।

_108924238_hi056744531

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঐতিহাসিক ওই চিত্রকর্মের নাম ‘ক্রাইস্ট মকড’। গত মাসে প্যারিস সংলগ্ন ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর কম্পিনের এক বাড়ির রান্নাঘরে মিলেছে ওই ঐতিহাসিক ছবিটি।

বিবিসি জানায়, ওই নারী ভেবেছিলেন, এটি কোনও প্রাচীন ধর্মীয় দেবতার ছবি আর দামও খুবই কম। যা তার ঘরে গত চার বছর ধরে শোভা পাচ্ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকেরা নিশ্চিত হয়েছেন, এটি রেনেসাঁ যুগের ইতালির বিখ্যাত চিত্রশিল্পী সিমাবুয়ের আঁকা ধারাবাহিক চিত্রকর্মগুলোর একটি।  

চিত্রকলা বিশেষজ্ঞ এরিক টারকিন ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারোকে নিশ্চিত করেছেন, সন্দেহাতীতভাবে এটি সিমাবুয়ের আঁকা। তার চিত্রকর্ম মূলত বাইজেন্টাইন শিল্প দ্বারা অনুপ্রাণিত ছিল। কাঠের ওপর আঁকা এসব ছবির পেছনের অংশটা সাধারণত সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নিলামে তোলার পর ছবিটি আগের রেকর্ডগুলো ভেঙে দিয়েছে। নিলামে মাত্র ছয় মিলিয়ন ইউরো বা ৫৫ কোটি টাকার মতো দামে উঠবে বলে ধারণা করা হলেও এদিন সেটি বিক্রি হয়েছে প্রায় চারগুণ দামে। মধ্যযুগীয় চিত্রকর্মের মধ্যে এখন এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি। নিলাম প্রতিষ্ঠান আকটিয়ন অকশন হাউস জানিয়েছে, উত্তর ফ্রান্সের অজ্ঞাত এক ধনকুবের দুর্লভ ছবিটি কিনে নিয়েছেন।

নিলামকারী দমিনিক লে কোয়েন্ট ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘সিমাবুয়ের মতো চিত্রশিল্পীর অনন্য ও বিরল কর্ম বাজারে আসলে বিস্ময়কর কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।’