আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা আট সপ্তাহ স্থগিত করেছে ইসলামাবাদের উচ্চ আদালত। মঙ্গলবার স্বাস্থ্যগত কারণে এই আদেশ দেওয়া হয়েছে। নওয়াজের পক্ষে জামিনের আবেদন করেন পিএমএল-এন সভাপতি ও তার ভাই শাহবাজ শরিফ। শুনানি শেষে মঙ্গলবার বিকেলে প্রতিটি ২০ লাখ রুপির দুটি আলাদা বন্ডে নওয়াজের জামিনের আদেশ দেন আদালত। আদেশে জানানো হয়েছে জামিনের মেয়াদ বাড়াতে হলে পাঞ্জাব সরকারের দ্বারস্থ হতে হবে।
গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষের আগে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তখন থেকে লাখপাত জেলে সাজা ভোগ করছেন তিনি। সম্প্রতি রক্তের প্লেটলেট কমে গেলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে চৌধুরী সুগার মিলস মামলায় মেডিক্যাল গ্রাউন্ডে লাহোর হাইকোর্ট থেকে জামিন পান নওয়াজ শরিফ।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মোহসিন আক্তার কিয়ানির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ নওয়াজ শরিফের জামিন আবেদনের শুনানি করেন। রায় ঘোষণা স্থগিত রাখার আগে বিচারপতি ফারুক পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজের সাধারণ ক্ষমা ঘোষণা করবে কিনা তা আইনজীবী খাজা হারিসের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট যেকোনও সময়ে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। বিচারপতি ফারুক জানতে চান, কোন শর্তে আপনাদের জামিন দেবো? জবাবে নওয়াজের আইনজীবী বলেন, নওয়াজ শরিফ সুস্থ হওয়ার একটি সুযোগ পেতে পারেন এমন যেকোনও শর্তে।
পরে আদালত নওয়াজের আইনজীবীর সামনে চারটি বিকল্প তুলে ধরেন। আইনজীবী আদালতকে জামিনের বিষয়ে সিদ্ধান্ত দিতে অনুরোধ করলে শুনানি শেষে রায় স্থগিত রাখেন আদালত। বিকেলে নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করা হয়।