ইমরান খানের পদত্যাগে জমিয়তের আল্টিমেটাম শেষ হচ্ছে রাতে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে পদত্যাগ করতে জমিয়তে উলেমা-ই-ইসলাম’র (জেইউআই) বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে রবিবার (৩ নভেম্বর) রাতে। অর্থনৈতিক দুর্ভোগের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। শুক্রবার ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিল থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দুইদিনের মধ্যে পদত্যাগ করতে আহ্বান জানিয়ে আল্টিমেটাম দেন জেইউআই’র আমির মাওলানা ফজলুর রহমান। সময়সীমা শেষে সরকারের ওপর চাপ বাড়াতে পরবর্তী ঘোষণা করবেন তারা। অন্যদিকে পদত্যাগের দাবিকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করেছে এর নিন্দা জানিয়েছে সরকার।

jui-f-s-azadi-march-caravan-to-move-towards-rawalpindi-from-lahore-today-1572430699-7097

অর্থনৈতিক দুর্ভোগের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম। দলটির প্রধান মাওলানা ফজলুর রহমানের ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে ‘আজাদি মার্চে’ অংশ নিচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। পরে আন্দোলনে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুসারীসহ অন্যান্য সমমনা ধর্মীয় দলগুলোও অংশ নিয়েছে। কয়েকশ’ গাড়ি নিয়ে গত রবিবার এ বিক্ষোভ শুরু হয়। সরকার অনুমোদিত উন্মুক্ত স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এখানে দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা। ইমরান খানকে পদত্যাগের জন্য রবিবার (৩ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) ফজলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, রবিবারের মধ্যে ইমরান পদত্যাগ না করলে বিক্ষোভকারীদের নিয়ে তিনি রেড জোনে প্রবেশ করবেন। কোনও চাপেই তিনি নতি স্বীকার করবেন না।

আন্দোলন কেন্দ্রস্থল ডি-চকে স্থানান্তরের ব্যাপারে পরামর্শ দিয়েছে বিরোধীদের রেহবার কমিটি। আশা করা হচ্ছে, রবিবারের সভায় বিক্ষোভকারীদের পেশোয়ার মুর থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিটি।

ফজলুর রহমান বলেন, ‘দুইদিনের মধ্যে ইমরান খান পদত্যাগ না করলে আমরা অন্য কৌশলের বিষয়ে চিন্তা করতে বাধ্য হবো। দুইদিনের পর আমরা আর ধৈর্য্য ধরতে পারবো না।’

শনিবার আজাদি মার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীদের উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, ‘শাসকরা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের প্রতি জনসমর্থন শেষ হয়েছে। বিরোধীদের প্রতি জনসমর্থন শুরু হয়েছে। আমরা সরকারের পতন হওয়া পর্যন্ত মাঠে থাকবো।’

কাশ্মির ইস্যুতে ইমরান খানের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, ‘সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফলে কাশ্মিরকে হারিয়েছে পাকিস্তান।’