গাজর খাও, গান শোন: বায়ু দূষণে দিল্লির দুই মন্ত্রীর পরামর্শ

ভারতের দিল্লিতে ভয়াবহ পরিবেশ দূষণে থমকে গেছে জীবনযাত্রা। এ নিয়ে কেন্দ্রীয় দুই মন্ত্রীর টুইটারে দেওয়া দুটি বার্তা নিয়ে সমালোচনার ঝড় বইছে ইন্টারনেট জগতে। দূষণের সমাধান হিসেবে ‘গান শোনার’ পরামর্শ দিয়েছেন পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার। আর দূষণে স্বাস্থ্যগত জটিলতা মোকাবিলায় ‘গাজর খাওয়ার’ উপদেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধণ। তাদের এমন মন্তব্য নিয়ে রবিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্ক চলছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Capture

দিল্লির আশপাশের রাজ্যে শস্যের বর্জ্য জ্বালানো ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানীর আকাশ। সম্প্রতি দিল্লির বাতাসের মান সংক্রান্ত সূচক (একিউআই) হয় ৪৫৯-এ। অর্থাৎ দিল্লির বায়ু দূষণ ভয়াবহ পর্যায়ে রয়েছে। সাধারণত এই সূচক ২০০ ছাড়িয়ে গেলেই মানুষের শরীরে তার প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থাকে ‘একদম গ্যাস চেম্বার’ বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।

কেজরিওয়ালের জনস্বাস্থ্য জরুরি পরিস্থতি মোকাবিলা বিষয় নিয়ে তার সঙ্গে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জাভেদকার। পরে পরিবেশমন্ত্রী টুইটারে লিখেছেন, “গান শুনে দিন শুরু করুন। ইমানি সঙ্করা শাস্ত্রীর লেখা ভীনার স্ফুলিঙ্কছড়ানো রাগিণী গান ‘স্বাগতাম’।” এছাড়া আরও অনেক গানের লিঙ্ক দিয়েছেন তিনি।

 

বায়ু দূষণের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ‘গাজর খাওয়া’র পরামর্শ দিয়েছেন তার আরেক সহকর্মী স্বাস্থ্যমন্ত্রী। গাজরের চিত্রসহ একটি পোস্টার টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘গাজর খেলে শরীর ভিটামিন এ, পটাশিয়াম ও এন্টিঅক্সিড্যান্টস পাবে। ভারতের সাধারণ সমস্যা রাতকানা, যা প্রতিরোধে সহায়তা করবে গাজর। দূষণ সংক্রান্ত শারীরিক ক্ষতি থেকেও রক্ষা করবে গাজর।’

 

এমন মন্তব্য নিয়ে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনা-বিতর্ক চলছে। টুইটারে বিক্রম নামের একজন লিখেছেন, সত্যিই? আপনি কি একজন মন্ত্রী?

রজত নামে একজন দূষণের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনি বায়ু দূষণ দিয়ে দিন শুরু করুন। নিচে অনেক ছবি আছে। #গুরুগ্রাম।’

মন্ত্রীদের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডস চালু করেছে অনেকেই। সেগুলোর মধ্যে #দিল্লিএয়ারইমার্জেন্সি ও #দিল্লিবাঁচাও এই দুইটি হ্যাশট্যাগ টুইটার ট্রেন্ডসে শীর্ষে ছিল।