ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের উদ্বোধনী পর্বে দুই দেশের জাতীয় সঙ্গীতেই গলা মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একই কবি।’ জবাবে মমতা বলেন ‘একই রবি।’
উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি, একাধিক দেশের জাতীয় সঙ্গীত যার হাতে রচিত।
শুক্রবার দুপুরে শেখ হাসিনা ইডেনে পৌঁছানোর খানিকটা আগেই পৌঁছে গিয়েছিলেন মমতা। বি সি রায় ক্লাব হাউসের লাউঞ্জে বসেছিলেন বেশ কিছুক্ষণ। হাসিনা চলে এসেছেন শুনে ক্লাব হাউসের গেটে চলে যান মমতা। তারা মাঠে ঢুকতেই শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীত।