বলসোনারো সরকারের মেয়াদ ‘নরক’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি লুলার

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার চালানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। সদ্য কারামুক্ত বামপন্থী এই নেতা অভিযোগ করেন তাকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছিল। শুক্রবার তিনি বলেন, এই সরকারের মেয়াদকে নরক বানিয়ে ছাড়বেন তিনি।ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা

২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা। ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির মাধ্যমে কার্যালয় ছাড়ার সময়ে ৮৭ শতাংশ মানুষের সমর্থন ছিল তার প্রতি। সর্বশেষ নির্বাচনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কারাদণ্ড দেয় আদালত। ২০১৮ সালের এপ্রিলে আত্মসমর্পণ করার পর থেকে ১২ বছরের দণ্ড নিয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। গত ৮ অক্টোবর দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে মুক্তি পান তিনি।

শুক্রবার রাজধানী সাও পাওলোতে বামপন্থী ওয়ার্কাস পার্টির এক সম্মেলনে বক্তব্য রাখেন লুলা ডি সিলভা। তিনি বলেন, দেশের জন্য লড়াই করতে অন্য যেকোনও সময়ের চেয়ে এখন তিনি বেশি শক্তিশালী। ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আমি যেদিন ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলাম সেদিনের থেকে আজ আরও বেশি শক্তি অনুভব করছি। আপনারা আমাকে দেশজুড়ে ঘুরে বেড়াতে দেখবেন। এটা কেবলমাত্র তাদের (বলসোনারো সরকার) মেয়াদ নরক বানানোর জন্য নয় বরং ব্রাজিলের জনগণকে রক্ষায়। কারণ তারা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা তাদের প্রাপ্য নয়’।  ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অভিযোগ করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো ব্রাজিলের সব সামাজিক ও গণতান্ত্রিক অর্জন ধ্বংস করে ফেলতে চায়।