নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ফ্রান্স

ফ্রান্সে নারীর বিরুদ্ধে সংঘটিত পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। একে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার জাতিসংঘের নারী সহিংসতা নির্মূলকরণ দিবসে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে নামে ফরাসিরা। দেশজুড়ে ৩০টি স্থানে মিছিল করে প্রায় ৭০টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 

4480

ফ্রান্সে নারী অধিকারের পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো হলেও ইউরোপে সবচেয়ে বেশি ঘরোয়া সহিংসতার রেকর্ডও সেখানে। ধারণা করা হচ্ছে দেশটিতে এমন অভিযোগে পুলিশের অবহেলার কারণে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে, চলতি বছর খুন হওয়া বেশ কয়েকজন নারী পুলিশের সাহায্য চেয়েছিলেন। ২০১৯ সালে ফ্রান্সে মোট ১১৬ জন নারী স্বামী, সঙ্গী কিংবা সাবেক সঙ্গীর দ্বারা খুন হয়েছেন। গড়ে প্রতি তিনদিনে একজন নারী সঙ্গী কিংবা সাবেক সঙ্গীর দ্বারা খুন হন। বিয়ের পর প্রতি বছর সহিংসতার শিকার হন ২ লাখ ২০ হাজার নারী।

সহিংসতা বেড়ে যাওয়ায় ফুঁসে উঠেছে ফ্রান্স। শনিবার সবচেয়ে বড় মিছিলটি হয় প্যারিসে। সবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিলো যেখানে এই সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। পুরো রাজপথ তখন যেন বেগুনী ও সাদা রংয়ের সাগরের মতো রূপ ধারণ করে। প্যারিসের বিক্ষোভে চলচ্চিত্র ও টিভির তারকারও অংশ নেন। রাজধানীর প্রধান অপেরা হাউস থেকে এই মিছিল শুরু হয়। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘নীরবতা ভাঙুন, নারীকে নয়।’  এক্টিভিস্টরাও এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।   

ক্যারোলিন ডি হাস নামে এক আয়োজক বলেন, আমাদের মনে হয় এই মিছিল ঐতিহাসিক এক মুহূর্ত। দুর্দান্ত গতিতে আমাদের এই সচেতনতা কার্যক্রম এগিয়ে চলছে।