এবার পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদরত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সমৃদ্ধ গণতান্ত্রিক একটি দেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অন্যায়।’

প্রিয়াঙ্কা চোপড়া

১৫ ডিসেম্বর সন্ধ্যায় বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে নামে জামিয়ার শিক্ষার্থীরা। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে এবং শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘প্রত্যেক শিশুর জন্য শিক্ষা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়। আমরা তাদের বড় করছি যেন এক একটি প্রতিবাদী কণ্ঠ পাই। শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে যদি কাউকে সহিংসতার শিকার হতে হয়,  তবে তা গণতন্ত্রের পক্ষে মোটেও যথাযথ নয়। কারণ, প্রতিটি প্রতিবাদী কণ্ঠ গুরুত্বপূর্ণ। পরিবর্তিত ভারতের পক্ষে প্রতিটা প্রতিবাদী কণ্ঠ কাজ করবে।’

 

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হওয়ায় ভারতজুড়ে বিক্ষোভ হচ্ছে।