শিশু ধর্ষণের দায়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক আইনপ্রণেতা কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার তাকে এই দণ্ড দেওয়ার পাশাপাশি ২৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
উত্তর প্রদেশের বাঙ্গেরমাও থেকে বিজেপি’র মনোনয়নে চারবার এমএলএ (লোকসভার সদস্য) নির্বাচিত হন কুলদীপ সিং সেঙ্গার। ২০১৭ সালে তার বিরুদ্ধে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। এ বছরের আগস্টে বিজেপি থেকে বহিষ্কার করা হয় তাকে।
রায়ের পর ধর্ষণের শিকার শিশুটির বোন বলেছেন, ‘তার শাস্তি হয়েছে। আমি খুব খুশি... আজ আমরা বিচার পেয়েছি’।
ধর্ষণের শিকার শিশুটি ২০১৭ সালে আত্মহত্যার চেষ্টা করলে দেশব্যাপী আলোচনায় আসে মামলাটি। ধর্ষণের অভিযোগ আনার পর সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান শিশুটির বাবা, দুই ফুপু ও মামলার এক স্বাক্ষী। বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় তার বাবাকে। পরদিন বিচারিক হেফাজতে মারা যান তিনি। এ বছরের ২৮ জুলাই ধর্ষণের শিকার ওই নারী ও তার আত্মীয়কে বহনকারী একটি গাড়িতে ধাক্কা দেয় এক ট্রাক। এতে তার খালা মারা গেলে পরিবারের তরফ থেকে দুর্ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ তোলা হয়। পরে তাদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে আদালত।