টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করলো ভারত

সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের মধ্যে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করে নোটিশ জারি করেছে ভারত সরকার। শুক্রবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে। এতে সহিংসতায় উসকানি হতে পারে বা দেশবিরোধী আবেগ উৎসাহ পেতে পারে এমন কোনও কিছু প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।noname

গত ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হওয়ার পর থেকেই ভারত জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। অনেকে নিহতও হয়েছে। কয়েকটি স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্কত পাঠালো সরকার।

শুক্রবার সন্ধ্যায় জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনওকিছু প্রচার থেকে বিরত থাকা। এছাড়া দেশের সংহতি, কোনও ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনও কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে ওই নোটিশে।

এর আগে গত ১১ ডিসেম্বর প্রথমবার এই ধরণের নোটিশ জারি করা হয়।অ সেদিন ভারতের রাজ্যসভায় সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হলে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করা হয়।