ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটকের পর তাকে থানায় দুপুরে নিরামিষ খাবার পরিবেশন করেছে ‘মানবিক পুলিশ’। এই খাবারের মেন্যুতে ডাল, ভাত, দই ও টমেটোর চচ্চড়ি দেওয়া হয়। ৬১ বছর বয়সী প্রখ্যাত ওই ইতিহাসবিদকে মধ্যহ্নভোজ করিয়ে ব্যাঙ্গালুরুর সহকারী পুলিশ সুপার (এসিপি) কে গৌড়া বলেন, ‘আমরা আগে মানুষ, তারপর খাকি উর্দিধারী পুলিশ।’
গত বৃহস্পতিবার সকালে ব্যাঙ্গালুরুতে ১৪৪ ধারা উপেক্ষা করে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দেওয়ার সময় রামচন্দ্র গুহকে আটক করে পুলিশ। সে সময় তার সঙ্গে নারী ও প্রবীণ নাগরিকসহ প্রায় ১২০ জনকে আটক করা হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
রামচন্দ্র গুহসহ অন্য নাগরিকদের মধ্যহ্নভোজের বিষয়ে এসিপি কে গৌড়া বলেন, ‘আমরা আগে মানুষ তারপর পুলিশ। যদিও আইনের চোখে সবাই সমান। তাও আমরা প্রত্যেকের সঙ্গে সমান যত্ন নিয়েই ব্যবহার করি। যেহেতু রামচন্দ্র গুহ’র সঙ্গে আমরা আরও কয়েকজনকে আটক করেছিলাম, তাদের সবাইকেই দুপুরে কাছাকাছি একটি হোটেল থেকে নিরামিষ খাবার এনে দিয়েছি।’
তিনি আরও বলেন, আমাদের পুলিশ বাহিনীর অনেকেই তার (গুহ) সম্বন্ধে জানেন না। এ সত্ত্বেও তাকে প্রকৃত সম্মান দিয়ে ‘বিশেষ হেফাজতে’ রাখা হয়েছিল। যতক্ষণ তিনি আমাদের সঙ্গে ছিলেন সুন্দরভাবে সহযোগিতা করেছেন।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হয় সংশোধিত নাগরিকত্ব আইন। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ।ব্যাঙ্গালুরুর চলমান এই প্রতিবাদে সামিল হয়ে আটক হন রামচন্দ্র গুহ।