প্রায় পাঁচ মাস পর মুক্তি পেলেন কাশ্মিরের পাঁচ নেতা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সময় আটক নেতাদের মধ্যে পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে। প্রায় পাঁচ মাস কারাবন্দি থাকার পর সোমবার (৩০ ডিসেম্বর) শ্রীনগর থেকে ন্যাশনাল কনফারেন্সের ইশফাক জব্বার ও গুলাম নবী ভাট, কংগ্রেসের বশির মির এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির জাহুর মির ও ইয়াসির রেশিকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়নি।

47621498_303

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সেখানে কঠোর বিধিনিষেধ জারি করে প্রশাসন। বিশেষ রাজ্যের মর্যাদা রদের সময় থেকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে আটক করা হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রীসহ অন্য নেতাদের। অবশেষে সোমবার শ্রীনগর থেকে বিধানসভার পাঁচ সাবেক বিধায়ককে মুক্তি দেওয়া হলো। তবে এখনও বন্দি রয়েছেন ৩০ জনেরও বেশী সাবেক মন্ত্রী ও বিধায়ক।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক তিন মুখ্যমন্ত্রীর মুক্তির ব্যাপারে এখনও কোনও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। ‘উপযুক্ত সময়েই’ তাদের মুক্তি দেওয়া হবে।

সরকারের জম্মু ও কাশ্মির বিষয়ক উপদেষ্টা ফারুক খান সম্প্রচারমাধ্যম এনডিটিভেকে বলেছেন, এই সব নেতাদেরকে কেন আটক করা হয়েছে তা খুব পরিষ্কার। তাদেরকে আটক করায় ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকার তাদের আটক করার কারণেই সেখানে কোনও রক্তপাত হয়নি।