দায়িত্ব নিয়েই পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সরাসরি পাকিস্তানের নাম নিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল রয়েছে। নাশকতা ঠেকাতে সন্ত্রাসের উৎসস্থলে (পাকিস্তানে) যে কোনও সময় আঘাত হানার অধিকার আমাদের রয়েছে। মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণের পর ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি।
জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা। কিন্তু রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। আমার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা, যাতে যে কোনও শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।’
তিনি বলেন, সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে দত্তক নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এটিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে তারা ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু এই কৌশল দীর্ঘদিন চলতে পারে না। সব সময় আপনারা মানুষকে বোকা বানাতে পারবেন না।
ইসলামাবাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দুনিয়ার বেশিরভাগ দেশ এখন সন্ত্রাসবাদের শিকার। ফলে তারা ওয়াকিবহাল আছে যে, বিশ্বের কাছে ঘোষিত শত্রু আসলে কে?
তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রের মদদপুষ্ট সন্ত্রাসবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সেই প্রচেষ্টা বিফলে গেছে। সত্যটা কী, সবার কাছেই তা স্পষ্ট। তারা সন্ত্রাসবাদীদের বলে সীমান্তে অপেক্ষা করতে। সুযোগ পেলেই ভারতে অনুপ্রবেশের জন্য তারা জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ জোগায়। কিন্তু আমরা প্রস্তুত। কোনওভাবেই তাদের সফল হতে দেওয়া হবে না। সূত্র: এনডিটিভি।