বরফ সাদা ঘোড়া। পাথুরে পাহাড়ি পথের চারপাশও বরফে ঢাকা। তেজি ঘোড়াটির পিঠে সওয়ার ব্যক্তির এক হাতে ধরা লাগাম। মোটামুটি দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন। দিগন্তে তখন মেঘের আড়ালে উঁকি দিচ্ছে সূর্য। কিছুক্ষণ পরে তার পাশে ঘোড়ায় সওয়ার হয়ে দাঁড়ান আরও কয়েক জন। তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। ঘোড়া ছুটিয়ে চলেছেন তারা গন্তব্যে। মনে হতে পারে কোনও চলচ্চিত্রের দৃশ্য। কিন্তু তা না। ঘটনাটি হলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঘোড়ায় চড়ে পর্বতারোহনের।
উত্তর কোরীয় সম্প্রচার মাধ্যম কেআরটি ২ জানুয়ারি এই ভিডিও প্রকাশ করেছে। এক ঘণ্টার ভিডিওচিত্রে দেখা গেছে, উত্তর কোরিয়ার ফার্স্টলেডি রি সোল সু এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘোড়ায় চড়ে পিকতু পর্বতে চড়ছেন কিম। ওই পাহাড়ের চূড়ায় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুং’র সমাধিসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করছেন তারা।
এই প্রথম কিম এমন সাহসী কর্মকাণ্ড দেখিয়েছেন, বিষয়টি এমন নয়। এর আগেও বেশ কয়েকবার ২ হাজার ৭৫০ মিটারের উঁচু ওই চূড়াটিতে চড়েছেন তিনি। উত্তর কোরিয়ার মানুষের কাছে পাহাড়টি বেশ তাৎপর্যপূর্ণ। দেশটির অনেক নাগরিক এটিকে ‘পবিত্র স্থান’ মনে করেন।
ভিডিও:
উত্তর কোরিয়ার ইতিহাস অনুযায়ী, ওই পাহাড়ে কিমের দাদা কিম ইল সুং তার জাপানবিরোধী সামরিক অভিযানের ভিত্তি গড়েছিলেন। ওই পাহাড়ের চূড়াতে একটি বিশেষ জায়গা হচ্ছে কিমের বাবার জন্মস্থান। যদিও অনেক ইতিহাসবিদ মনে করেন, কিম ইলের প্রকৃত জন্মস্থান রাশিয়ায়।