পেন্টাগনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইরানে আইন পাস

মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন), এর অধীনস্ত সব প্রতিষ্ঠান ও কর্মীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। মঙ্গলবার ২৩৩ জন আইনপ্রণেতা সর্বসম্মতভাবে আইনটির পক্ষে ভোট দিয়েছেন। 

8276dd3c-59da-4080-9d06-981a26eca25a

ওয়াশিংটন ইরানের সেনাবাহিনীকে (ইসলামিক রেভলুশনারি গার্ডস-আইআরজিসি)  সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলে ২০১৯ সালের এপ্রিলে পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিম এশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আইন পাস করে ইরান। মঙ্গলবার ওই আইনে সংশোধনী এনে খোদ মার্কিন প্রতিরক্ষা দফতরভুক্ত সব সংগঠন ও কর্মীকেই সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।  মঙ্গলবার পাস হওয়া বিলে বলা  হয়, ‘শহীদ সোলাইমানিকে হত্যায় যুক্তরাষ্ট্রের মূর্খতাপূর্ণ ও অবিবেচনাপ্রসূত অপরাধী হামলার জবাব হিসেবে’ ইরান সরকার ও বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়ার প্রয়োজনে বিলটি আনা হয়েছে।’

বিলটি পাসের পর আইনপ্রণেতা আমেরিকা নিপাত যাক স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান।এছাড়া সংশোধিত আইনে ইরানের বিপ্লবী গার্ডসের বিদেশি শাখা কুদস ফোর্সের জন্য জাতীয় উন্নয়ন তহবিল থেকে অতিরিক্ত ২০ কোটি ইউরো বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।