দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সম্প্রতি ‘জঙ্গি’ বলে আখ্যায়িত করেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি-র এক এমপি। এ ঘটনায় ইতোমধ্যেই ওই এমপি-কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যেই ২ ফেব্রুয়ারি সোমবার কেজরিওয়াল সম্পর্কে একই মন্তব্য করলেন মোদি সরকারের মন্ত্রী প্রকাশ জাভরেকড়। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ রয়েছে। কেজরিওয়াল অসহায় মুখ করে বলেন, ‘আমি কি একজন জঙ্গি?’ আপনি একজন জঙ্গি, অনেক প্রমাণ রয়েছে। আপনি নিজেই নিজেকে নৈরাজ্যবাদী বলেছেন। একজন নৈরাজ্যবাদী ও জঙ্গির মধ্যে খুব বেশী পার্থক্য নেই।”
কেজরিওয়াল সম্পর্কে প্রথম এমন মন্তব্য করেন বিজেপি দলীয় এমপি প্রবেশ বর্মা। ২৫ জানুয়ারি দিল্লিতে এক নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, যদি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে, তাহলে ‘শাহিনবাগের মতো’ লোকেরা রাস্তার দখল নেবে।
ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে দক্ষিণ দিল্লির এই শাহিনবাগ।
প্রবেশ বার্মা বলেন, হিন্দু নারীদের মুসলিম ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনি। কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কারণ, সব জায়গাতেই কেজরিওয়ালের মতো জঙ্গিরা লুকিয়ে রয়েছে। আমাদের কাশ্মিরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করা উচিত, নাকি কেজরিওয়ালের মতো জঙ্গিদের সঙ্গে?
ওই মন্তব্যের জন্য প্রবেশ বার্মা-র প্রচারের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
প্রবেশ বার্মা-র বক্তব্যের জবাবে কেজরিওয়াল বলেছেন, আমি কীভাবে জঙ্গি হলাম? আমি ওষুধের ব্যবস্থা করেছি। গরিব মানুষের জন্য অনেক কাজ করেছি। আমি কখনও নিজের বা পরিবারের জন্য ভাবিনি। দেশের জন্য আমি নিজের জীবন দিতে প্রস্তত।
তিনি বলেন, আমি এর সিদ্ধান্ত নেওয়ার ভার দিল্লির মানুষের ওপর ছেড়ে দিচ্ছি। আমি তাদের সন্তান, তাদের ভাই, নাকি আমি জঙ্গি! সূত্র: এনডিটিভি।