রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোসি বলেছেন, ভারতে কেউ কাজ করতে চাইলে তাকে হিন্দু সম্প্রদায় ও তাদের ক্ষমতায়নে কাজ করতে হবে। শনিবার গোয়ার রাজধানী পানাজিতে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস। শনিবার পানাজিতে আয়োজন করা হয় ‘বিশ্বগুরু ভারত: আরএসএস দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভা। ওই সভায় সুরেশ ভাইয়াজি জোসি এক বুদ্ধিজীবীর সঙ্গে নিজের আলাপচারিতার কথা বলেন। তিনি বলেন, ওই বুদ্ধিজীবী তাকে বলেছেন ২০২০ সালে ভারত হবে বিশ্বশক্তি।
আরএসএস সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতে কেউ কাজ করতে চাইলে তাকে হিন্দুদের পাশে নিয়ে তাদের ক্ষমতায়নে কাজ করতে হবে। স্মরণাতীতকাল থেকে হিন্দুরা ভারতের উত্থান ও পতন প্রত্যক্ষ করেছে। ভারত থেকে হিন্দুদের আলাদা করা যায় না। হিন্দুরা সবসময়ই এই জাতির প্রাণ ছিল’। তিনি বলেন, ‘হিন্দুরা সাম্প্রদায়িক ও বিদ্বেষী নয় সেকারণে কারোরই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাজ করেত অনিচ্ছুক হওয়া উচিত নয়’।