দিল্লিতে বড় জয়ের পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি

দিল্লির বিধানসভা নির্বাচনে আবারও বড় জয়ের পথে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোট গণনা শুরুর পর ৫৮টি আসনে এগিয়ে রয়েছে দলটি। আর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে।noname

২০১৫ সালের সর্বশেষ নির্বাচনে দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পায় এএপি। আর বাকি তিনটি আসন পায় বিজেপি। এবারে তুমুল প্রচারণার পর গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুথ ফেরত জরিপগুলোতে এএপির আবারও জয়ের আভাস দিলেও তা প্রত্যাখ্যান করেন বিজেপি নেতারা।

মঙ্গলবার ভোট গণনা শুরুর পর জয়ের আভাস পাওয়ার পর এএপি নেতারা বলেছেন, সত্যিকার দেশপ্রেম যে মানুষের জন্য কাজ করা তা প্রতিফলিত হয়েছে এই ফলাফলে।

বিজেপির ফলাফল নিয়ে দলটির রাজ্য প্রধান মনোজ তিওয়ারি বলেন, ‘এখন যা দেখতে পাচ্ছি তা বুথ ফেরত জরিপ থেকে অনেক ভালো। দলীয় কর্মীদের বলতে চাই, এখনই আশা হারানোর কিছু নেই। অন্তত ২৭টি আসনে ভোটের ব্যবধান সাতশো থেকে এক হাজার।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এএপি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পায় আর অপরদিকে বিজেপি পায় ৩২ শতাংশ ভোট। আর কংগ্রেস পায় মাত্র ৯ দশমিক ৬ শতাংশ ভোট।