ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তবে এর মধ্যে একটিতেও জয় পায়নি দলটি। এ নিয়ে দ্বিতীয়বার কংগ্রেসকে শূন্য হাতে ফেরালো দিল্লি। এবার পুরো নির্বাচনে দলটির মাত্র তিন জন প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছেন। জামানত জব্দ হয়েছে ৬২টি আসনে। আরেকটি আসনে এখনও বেসরকারিভাবে চূড়ান্ত ফল পাওয়া যায়নি।
জামানত রক্ষা করতে পারা তিন প্রার্থী হচ্ছেন গান্ধীনগর থেকে অরবিন্দর সিং লাভলি, বাদলি থেকে দেবেন্দ্র যাদব এবং কস্তুরবা নগর থেকে অভিষেক দত্ত।
রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট বেঁধে এ বার দিল্লির ভোট ময়দানে নেমেছিল কংগ্রেস। জোট শরিক আরজেডিকে ৪টি আসন ছেড়ে দিয়ে, ৬৬ আসনে প্রার্থী দিয়েছিল দলটি।
কোনও কেন্দ্রের মোট বৈধ ভোটের এক-ষষ্ঠমাংশ নিশ্চিত করতে না পারলে সেই প্রার্থীর জামানত জব্দ হয়। সেখানে অধিকাংশ কংগ্রেস প্রার্থীই তার কেন্দ্রে মোট যা ভোট পড়েছে, তার ৫ শতাংশেরও কম ভোট পেয়েছেন।
দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপরার মেয়ে শিবানি চোপরা কালকাজি থেকে প্রার্থী হয়েছিলেন। তারও জামানত জব্দ হয়েছে। দিল্লি বিধানসভার সাবেক স্পিকার যোগানন্দ শাস্ত্রীর মেয়ে প্রিয়াঙ্কা সিং-ও জমানত রক্ষা করতে পারেননি। প্রিয়াঙ্কা দিল্লি নারী কংগ্রেসের সহ-সভানেত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাত্র ৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা।
কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদেরও শোচনীয় পরাজয় হয়েছে। মাত্র দুই হাজার ৬০৪ (২ দশমিক ২৩ শতাংশ) ভোট পেয়েছেন পুনম।
এই ব্যর্থতার মধ্যে বাদলি থেকে দেবেন্দ্র যাদব ১৯ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। গান্ধীনগর থেকে দাঁড়ানো আরেক কংগ্রেস প্রার্থী অরবিন্দ সিং লাভলি পেয়েছেন ১৯ দশমিক ১৪ শতাংশ ভোট।
কংগ্রেস প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়েছেন কস্তুরবা নগরের অভিষেক দত্ত। কংগ্রেসের আশা ছিল, সংখ্যালঘু এলাকায় ভালো ফল হবে। কিন্তু বাস্তবে তা-ও হয়নি।
দিল্লি বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়নি। তবে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোট গণনা শুরুর পর এখন পর্যন্ত বেসরকারিভাবে ৬২টি আসনে বিজয়ী বা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে কেজরিওয়ালের দল। আর প্রধান প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদির বিজেপি বিজয়ী বা এগিয়ে রয়েছে ৮টি আসনে।
বেসরকারি ফলাফলে কেজরিওয়ালের জয় স্পষ্ট হতেই পরাজয় মেনে নেয় বিজেপি। টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন। দিল্লির মানুষের প্রত্যাশা পূরণে তাদের শুভ কামনা জানাই।’
এর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকেও। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে চাই।’ সূত্র: ইন্ডিয়া টাইমস, এনডিটিভি।