দিল্লির সহিংসতা নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টুইট, রাষ্ট্রদূতকে তলব ভারতের

দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের মন্তব্যের জেরে দেশটির রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করেছে ভারত। মঙ্গলবার তাকে তলব করা হয়। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে নিযুক্ত চেগেনিকে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

গত সপ্তাহে দিল্লির উত্তর-পূর্ব অংশে হিন্দুত্ববাদীদের তাণ্ডবে ৪৮ জন নিহত ও শত শত মানুষ আহত হয়। মুসলমানদের বিরুদ্ধে চালানো ওই তাণ্ডবের নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বহু শতাব্দী ধরে ইরান ভারতের বন্ধু। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে সব ভারতীয়ের কল্যাণ নিশ্চিত করতে এবং কাণ্ডজ্ঞানহীন অপরাধী না হয়ে ওঠার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ আলোচনা ও আইনের শাসনই সামনে এগোনোর পথ’।

জাভেদ জারিফের মন্তব্যের জেরে মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  এনডিটিভি জানিয়েছে, জাভেদ জারিফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে স্পর্শকাতর সময়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকতে বিশ্ব নেতৃত্ব ও সংস্থাগুলোকে আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।