বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে কর্মীদের ঘরে বসেই অফিসের কাজ করার নির্দেশ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোব্লগিং সাইট টুইটার। এছাড়া গত সপ্তাহে ‘কম গুরুত্বপূর্ণ’ ব্যবসায়িক সফরও বাতিল করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। চীনে কমলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন রেকর্ড সংখ্যক বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চীনের বাইরে আক্রান্ত দেশ ও রাজধানীর সংখ্যা বেড়েছে ৯ গুণ। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ প্রধান জেনিফার ক্রিস্টি এক ব্লগপোস্টে জানায়, আমরা আমাদের কর্মীদের সম্ভব হলে ঘর থেকেই কাজ করার জন্য উৎসাহিত করছি। আমাদের উদ্দেশ্য হলো করোনভাইরাসের সংক্রমণের সম্ভাবনা যতটা কমানো যায়।’ দক্ষিণ কোরিয়া, হংকং ও জাপানের কর্মীদের বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক বলেও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যঅ প্রায় ৫ হাজার। চীনের পরে এখানেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৮ জনের। অন্যদিকে জাপানের সরকারই সব অফিসকে জানিয়ে দিয়েছে সবাই যেন ঘরে বসেই কাজ করে। এছাড়া হংকংয়ে গত এক মাস ধরে সবাই ঘরে বসে কাজ করেছে। সর্বশেষ সোমবার তারা বের হতে শুরু করেছে।