পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বাংলাদেশ থেকে ওই রাজ্যে গিয়েছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন, তারা সবাই ভারতীয় নাগরিক। মঙ্গলবার রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসমাবেশে তিনি হুঁশিয়ার করেছেন, এদের কাউকে তিনি ফেরত পাঠাতে দেবেন না।
২০১৯ সালের ১২ ডিসেম্বর প্রতিবেশী তিন দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব নিশ্চিত করতে আইন (সিএএ) সংশোধন করে ভারত। মুসলিমদের প্রসঙ্গ উপেক্ষিত থাকায় এই আইন বিতর্কিত হয়েছে। বৈষম্যমূলক আইনটিকে সংবিধানে বর্ণিত ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছে দেশটির নাগরিক সমাজ ও বিরোধী রাজনৈতিক দলগুলো। মমতা একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গে তিনি এই আইন বাস্তবায়ন হতে দেবেন না।
মঙ্গলবারের সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা ভারতের নাগরিক...তারা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবারও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, আপনাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন। এখন তারা বলছেন আপনারা নাগরিক নন। ওদের বিশ্বাস করবেন না।’
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে একজন মানুষকেও ফেরত পাঠাতে দেবো না।’ ভারতে যেসব শরণার্থী বাস করছেন তারা ইতোমধ্যে দেশটির নাগরিক হয়ে গেছেন উল্লেখ করে মমতা বলেন, ‘কেউ শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। বিজেপির মিথ্যা তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না।’