করোনা ভাইরাস ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 'মোদি মাস্ক' বিলি করা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির পক্ষ থেকে শহরজুড়ে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই মাস্ক। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
এই মুহূর্তে গোটা ভারতজুড়েই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে ইতোমধ্যেই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ২৯। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক জায়গায় এই 'মোদি মাস্ক' বিলি করেছেন বিজেপি নেতারা। শহরের রাস্তায় রাস্তায় মোদি মাস্ক বিলি করতে দেখা যায় প্রতাপ ব্যানার্জি ও নারায়ণ চ্যাটার্জির মতো নেতাদের।
বিতরণকৃত মাস্কের গায়ে লেখা ছিল, 'করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাও/মোদিজি/ পশ্চিমবঙ্গ বিজেপি'। মাস্কের গায়ে পদ্মের চিহ্নও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশ এই পদক্ষেপকে হাস্যকর আখ্যা দিয়েছে। তারা বলছে, পৌরসভা ভোটে শহরের মানুষের মন জিততে রাজ্য বিজেপি এই পদক্ষেপ নিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে বিজেপির রাজনৈতিক দৈন্য হিসেবে দেখছেন। বলছেন, রাজ্যের পৌরসভা ভোটেও মোদিজির নামে প্রচার করতে হচ্ছে বিজেপিকে।
পশ্চিমবঙ্গে যাতে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সেজন্য ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গে এখনও কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।