ফিলিস্তিনের গাজায় একটি রুটির কারখানা থেকে ছড়িয়ে পড়ায় আগুনে দগ্ধ হয়ে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬০ জন। বৃহস্পতিবার (৫ মার্চ) দখলকৃত গাজা উপত্যকার একটি কারখানা থেকে আগুন পার্শ্ববর্তী দোকান, কারখানা ও গাড়ি পার্কিং এলাকায় ছড়িয়ে পড়ায় তারা হতাহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। আর ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য গাজার নুজেইরাত ক্যাম্পের একটি বেকারি থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগে সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। আর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি রুটির কারখানার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত ঘটেছে।
ইসহাক কুহাইল নামের এক স্থানীয় দোকানদার জানিয়েছেন, ‘সেখানে একটা বিস্ফোরণের শব্দ হয়। তারপর সেদিকে লোকজন যেতে থাকে। পরে ব্যাপকমাত্রায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। আমি এরকমটা আগে কখনও দেখিনি।’
ফিলিস্তিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি রুটির কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুনে কয়েক বহু দোকান পুড়ে গেছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে প্রশাসন।